চাপের মুখে গভর্নর

দেশে ফিরেও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন বলে জানান। সেখানেই বিস্তারিত জানানো হবে। আজ বেলা ১১টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলনটি হবে।
এর আগে দুপুরে অর্থমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকে একটা পরিবর্তন হবে। অর্থমন্ত্রী কথা বলবেন, বিবৃতি দেবেন, গভর্নর আসবেন দেখা করতে—এসব খবরে গতকাল দিনভর সচিবালয়ে উৎসুক ছিলেন সাংবাদিকেরা। দিনভর ছিল গভর্নর আতিউর রহমানকে নিয়ে নানা গুঞ্জন। সরকারি দলেও ছিল সমালোচনা। ফলে দেশে ফিরতেই নানামুখী চাপের মধ্যে পড়েন তিনি। তবে গতকাল রাত পর্যন্ত এ নিয়ে আর কিছু বলা হয়নি। অর্থমন্ত্রী সন্ধ্যা সাতটার দিকে সচিবালয় থেকে বাসায় চলে যান। অন্যদিকে, রাতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন, এ রকম একটি তথ্য জানা গেলেও তা ঘটেনি।
সচিবালয় থেকে বাসায় চলে যাওয়ার সময় সাংবাদিকদের দেখে অর্থমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই নজরদারি (সার্ভিল্যান্স) যদি বাংলাদেশ ব্যাংকে হতো, তাহলে ভালো হতো। দেশের টাকা বেঁচে যেত।’ এরপর ‘যা বলার সংবাদ সম্মেলনেই বলব। এখন আর কিছু বলব না’ বলে চলে যান অর্থমন্ত্রী।
তার আগে গতকাল সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে নিজ কার্যালয়ে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেলা দুইটা-তিনটার দিকে তিনি ‘কিছু একটা’ জানাবেন। কী জানাবেন, বড় ধরনের কোনো পরিবর্তন আসবে কি না বাংলাদেশ ব্যাংকে, এমন প্রশ্নের জবাব অর্থমন্ত্রী এভাবে দেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন একটা হবে। কারণ, নিশ্চিতভাবে এটা একটা বড় ঘটনা।’
গভর্নর ফিরে এলে বিবৃতি দেবেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী। সঙ্গে এমন মন্তব্যও তিনি তখন করেন, ‘সে কখন আসবে ঠিক নাই। আর প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব বলেছিলাম, সে আলোচনা হয়েছে।’
এরপর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল দুপুরে সাংবাদিকদের জানানো হয়, বিকেল চারটার পর কথা বলবেন অর্থমন্ত্রী। তার আগে গভর্নর ফিরলে তাঁর সঙ্গে বৈঠক করবেন তিনি। গভর্নর ভারতের দিল্লি থেকে গতকাল বিকেলে ঢাকায় ফেরেন।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, বিমানবন্দর থেকে সরাসরি অর্থ মন্ত্রণালয়ে চলে আসার কথা গভর্নরের। সাংবাদিকেরাও সে অনুযায়ী অপেক্ষায়। সন্ধ্যা ছয়টায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গভর্নর আসবেন না। কারণ, অর্থমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথা সেরে নিয়েছেন।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের আজ মঙ্গলবারের জরুরি পরিচালনা পর্ষদের সভাটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও গতকাল দুপুরে তিনি জরুরি এ সভার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। দুপুরে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, পর্ষদ সভায় নিয়মিত আলোচনার বিষয়বস্তু ছাড়াও রিজার্ভের অর্থ চুরির বিষয়টি নিয়েও আলোচনা হবে।
এরপর বিকেলে গভর্নর আতিউর রহমান ভারত থেকে দেশে আসার পরই জরুরি এ সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার চেয়ারম্যান গভর্নর আতিউর রহমান। তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি তদন্ত কমিটি করবে। কমিটি কী কী কাজ করবে গতকাল তা ঠিক করা হয়েছে। আজ-কালের মধ্যেই তা গঠিত হবে বলে জানা গেছে। তিন বা চার সদস্যের এই তদন্ত কমিটির জন্য সাবেক ব্যাংকারদের খোঁজা হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, চুরির অর্থ উদ্ধারের ব্যাপারে করণীয় নির্ধারণে গতকাল বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকের পর ফেরদৌস আহমেদ খান প্রথম আলোকে বলেন, তিনি সহযোগিতা দিতে এসেছেন। এর বাইরে কিছু বলতে চাননি তিনি। সচিবালয়ে গিয়ে জানতে চাইলে ব্যাংকসচিবও জানান, তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ উদ্ধারে সরকারকে সহযোগিতা করেছিলেন ফেরদৌস আহমেদ খান।